প্রধান নিউজরাজনীতি

১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে: রিজভী

নিউজ দর্পণ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। দীর্ঘ সময়ের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব পড়েছে শিক্ষার্থী ও পুরো জাতির ওপর।

আজ শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। রিজভী বলেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব অপরিসীম। শিক্ষাকে যথাযথ গুরুত্ব না দিলে কোনো জাতিই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে না। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনা চলেছে। আরও বলেন, অনেক ক্ষেত্রে প্রশ্নপত্রে শুধু প্রশ্ন লেখা হয়েছে, কিন্তু শিক্ষার মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এমনকি ক্ষমতাশালী জায়গা থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের ফলে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাতির মেরুদণ্ড দুর্বল হয়েছে। রিজভী বলেন, ‘বিগত ১৭ বছরে জাতির মেরুদণ্ডকে দুর্বল করা হয়েছে। মানবিক মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে প্রতিযোগিতা ছিল, শিক্ষাব্যবস্থার দুর্বলতার কারণে সেখান থেকেও দেশ পিছিয়ে পড়েছে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রযুক্তির বিভিন্ন শাখায় প্রতিযোগিতা করতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় দক্ষ করে তুলতে হবে। শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বিশ্বের উপযোগী করে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সরঞ্জাম ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য শিক্ষায় পর্যাপ্ত প্রণোদনা ও বিনিয়োগ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসঙ্গও তুলে ধরেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি দাবি করেন, নারীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে বিএনপি গুরুত্ব দিয়েছে। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রিজভী বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের শিক্ষার্থীদের ওপর। তাই মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের জন্যও শিক্ষার সুযোগ বাড়াতে হবে। তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়; শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে গড়ে তুলতে হবে। একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ প্রজন্মই দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সুলতানা নাসের, কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতিরা। শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও বৃত্তি তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *