প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিউজ দর্পণ, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী ও ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রি পরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন মিৎসুই অ্যান্ডি কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি প্রতিনিধি দল।”
‘‘ বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছে প্রতিনিধি দলটি।”
চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো ও ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।
অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি শাকিরুল ইসলাম খান ও অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, ‘‘ বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারন নিয়ে আলোচনা হয়েছে। এই সময়ে সরকার জাপানের প্রতিনিধি দলকে জানিয়েছে যে, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশিদের বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে দ্রুত ও নির্বিগ্নে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যায়।”

