ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
নিউজ দর্পণ, ঢাকা: উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট – সিজন ২ (২০২৬)। টুর্নামেন্টের ফাইনালে ২০১১ ব্যাচকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ২০২৫ ব্যাচ। ২০১১ ব্যাচ রানার্সআপ হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন সালের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ মোঃ আবু ইউসুফ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাস্টার শাকিল এবং মহানগরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সরোয়ার আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান উদ্দিন ফাহিম এবং সদস্য সচিব নাজমুল আহাসানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে মোট আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ ‘এ’-তে ছিল ১৯৯০, ১৯৯২, ২০২০ ও ২০২১ ব্যাচ এবং গ্রুপ ‘বি’-তে ছিল ২০১১, ২০১৮, ২০২৫ ও ২০২৬ ব্যাচ। লীগ পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালের লড়াই পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় ২০২৫ ও ২০১১ ব্যাচ।
ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত ২০২৫ ব্যাচ চ্যাম্পিয়ন এবং ২০১১ ব্যাচ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলায় জয়-পরাজয়ের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন পর দেখা-সাক্ষাৎ, স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পুরো আয়োজনকে পরিণত করে এক আনন্দঘন মিলনমেলায়।
আয়োজকদের মতে, এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য শুধু ফুটবল প্রতিযোগিতা নয়; বরং বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা। খেলাধুলার মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্টের সফল আয়োজনে ছিল ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
২০২৫ ব্যাচের চ্যাম্পিয়ন এবং ২০১১ ব্যাচের রানার্সআপ হওয়ার মধ্য দিয়ে পর্দা নামে এবারের জমজমাট ফুটবল আয়োজনের। তবে মাঠের প্রতিযোগিতা ছাপিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন, বন্ধুত্ব ও সৌহার্দ্যের স্মৃতি হয়ে থাকবে এই আয়োজন।

